সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান চলাকালে তিনি বিদেশে চলে যেতে পারেন এমন আশঙ্কায় তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি ।
দৈনিক আজকের পত্রিকার এক প্রতিবেদনে দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে একাধিক অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি দেশ ছাড়লে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে এমন আশঙ্কা থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিষেধাজ্ঞার আবেদন করা হবে।
দুদকের তথ্যমতে, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার-বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগগুলোর তথ্য-উপাত্ত যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে।
১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ
দুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে মোট ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের কথা উঠে এসেছে। এসব অর্থ দিয়ে বিদেশে বিলাসবহুল সম্পদ কেনা এবং বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের অভিযোগও রয়েছে।
তবে দুদকের কর্মকর্তারা স্পষ্ট করেছেন, এসব এখনো অভিযোগের পর্যায়ে রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতেই অনুসন্ধান চলছে। আসিফ মাহমুদও এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং দুদকের বক্তব্যের বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন।
দুদকের সচিব মো. সাইদুর রহমান খান এর আগে জানিয়েছেন, অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ফলে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হলে সেটিও হবে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের একটি প্রক্রিয়াগত পদক্ষেপ। অভিযোগগুলো শেষ পর্যন্ত কতটা সত্য, তা অনুসন্ধান ও পরবর্তী আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
রূপক/ অরণ্য নিউজ-17/09/26