ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তির প্রক্রিয়ায় কোনো জটিলতা না থাকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। নির্ধারিত দিনে এলিজা জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকর্তা।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। সংরক্ষিত নারী আসনে তাঁকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার আপিল করা যাবে। আপিল হলে ২৯ অক্টোবর তা নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর। তবে সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনের নিয়ম অনুযায়ী, শূন্য হওয়া এই আসনটি বিএনপির পাওয়ার কথা। ফলে অন্য কোনো দল এ আসনে প্রার্থী দেওয়ার সুযোগ পাবে না। মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকলে এবং নির্ধারিত আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে এলিজা জামানকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে নির্ধারিত ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
এর আগে ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করে নির্বাচন কমিশন।