রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন, অবৈধ নেশাজাতীয় পানীয় ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৭৮ জন, ওয়ারীতে ৯৩ জন, মতিঝিলে ৮২ জন, তেজগাঁওয়ে ৯২ জন, মিরপুরে ১৪০ জন, গুলশানে ৭৮ জন, উত্তরায় ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগে ছয়জন রয়েছেন।
অভিযানকালে পুলিশ একটি চীনা কুড়াল, দুটি চাকু, ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন এবং আমদানিনিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফের ৩০০ বোতল উদ্ধার করে। এ ছাড়া একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৩৩ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ব্যক্তিদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্যসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।