পবিত্র নগরী মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের বাকি আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে সৌদি আরবের তেল স্থাপনাগুলো থেকে কর্মী ও নাগরিকদের দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটি।
হুথিদের নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সতর্কবার্তা উপেক্ষা করার কোনো অজুহাত গ্রহণ করা হবে না বলে জানিয়েছে গোষ্ঠীটি।
এ ছাড়া সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছে হুথিরা। তাদের সামরিক সূত্রের দাবি, সম্ভাব্য ক্ষতি এড়াতে দেরি হওয়ার আগেই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে হুমকির পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানায়নি গোষ্ঠীটি।
এর আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নজরানের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তু আঘাত হানলে ছয়জন আহত হন।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খামিস মুশাইত শহরের দিকে যাওয়ার পথে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শুরুর দিক থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে সংঘাত এবং নিরাপত্তা উত্তেজনা বেড়েছে। হুথিদের সামরিক সক্ষমতা লক্ষ্য করে বড় পরিসরে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে জোটটি। পাল্টা সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।
**সূত্র: মিডল ইস্ট মনিটর**
#SaudiArabia #Yemen #HouthiRebels #MiddleEast #Aronno_News