ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। দুর্গাপূজায় ঢাক বাজানো ও ঢাকের তালে নাচের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবারও সমালোচনার মুখে পড়েছেন তিনি।
গত শনিবার ষষ্ঠীর দিন স্বামী অভিনেতা যশকে সঙ্গে নিয়ে কলকাতার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ ঘুরে দেখেন নুসরাত। এ সময় একটি মন্দিরে তাকে ঢাক বাজাতে দেখা যায়। অন্য একটি পূজামণ্ডপে ঢাকের তালে নাচতেও দেখা যায় এই তারকা অভিনেত্রীকে।
পূজা উদ্যাপনের এসব মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর নেটিজেনদের একাংশ তার ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ কটাক্ষ করে মন্তব্য করেন, আবার কেউ তাকে নাম পরিবর্তনের পরামর্শও দেন। একজন তাকে ‘মুসলিম জাতির কলঙ্ক’ বলেও মন্তব্য করেন।
এর আগেও দুর্গাপূজার দশমীতে সিঁথিতে সিঁদুর পরায় সমালোচনার মুখে পড়েছিলেন নুসরাত। তবে এসব সমালোচনায় নিজের অবস্থান পরিবর্তন করেননি তিনি।
কয়েক বছর আগে পূজা উদ্যাপন নিয়ে সমালোচনার বিষয়ে গণমাধ্যমে নুসরাত বলেছিলেন, প্রতি বছর অষ্টমীর দুপুরে তিনি ভোগ খেতে ভালোবাসেন। এ কারণে বহুবার কটাক্ষের শিকার হলেও অষ্টমীতে অঞ্জলি দেওয়া অব্যাহত রাখবেন। তার ভাষ্য, বিশ্বাস কোনো নির্দিষ্ট ধর্ম বা ভাষার ওপর নির্ভরশীল নয়; এটি মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত।
নুসরাতের এই বক্তব্যে ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্নটি আবারও আলোচনায় এসেছে।