বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর আগে দুই দফা নির্দেশ দেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় এবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের সতর্কতা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত রোববার (৪ অক্টোবর) খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ রিসোর্ট মালিকদের লিখিতভাবে চূড়ান্ত নোটিশ দেন। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের স্থাপনা সরিয়ে রিসোর্টের কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে।
নির্দেশ অমান্য করলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং নিয়মিত মামলা দায়েরসহ বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।
চূড়ান্ত নোটিশ পাওয়া রিসোর্টগুলো হলো - সুন্দরী, ইরাবতী, অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস ও বনলতা ইকো কটেজ।
পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০টিকে ৩০ দিনের মধ্যে এবং বাকি আটটিকে ১৫ দিনের মধ্যে তাদের সব স্থাপনা সরিয়ে নিতে হবে।
সুন্দরবনের সংরক্ষিত ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এলাকার পাশে অনুমোদনহীন স্থাপনা গড়ে ওঠায় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর এর প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। এবার চূড়ান্ত নোটিশের পর নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর কী পদক্ষেপ নেয়, সেটিই দেখার বিষয়।
তথ্যসূত্র: বাংলানিউজ