২০১৯ সালে মুক্তির পর বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তোলা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ আবারও ফিরেছে প্রেক্ষাগৃহে। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে পুনর্মুক্তির পর দ্বিতীয় সপ্তাহান্তেই নতুন রেকর্ড গড়েছে মার্ভেল স্টুডিওর জনপ্রিয় এই সিনেমা।
আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়াতেই ‘এন্ডগেম’ পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে। পুনর্মুক্তির আয় যোগ হওয়ায় সিনেমাটির মোট বৈশ্বিক আয় আবারও ছাড়িয়ে গেছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে।
দ্বিতীয় সপ্তাহান্তে উত্তর আমেরিকার বক্স অফিসে ‘এন্ডগেম এনকোর’ আয় করেছে ৪ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৪ দশমিক ৪ মিলিয়ন ডলার।
সব মিলিয়ে পুনর্মুক্তির আয় যোগ হয়ে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বৈশ্বিক আয় দাঁড়িয়েছে আনুমানিক ২ দশমিক ৯২৫৫ বিলিয়ন মার্কিন ডলারে।
অন্যদিকে, জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-এর মোট বৈশ্বিক আয় প্রায় ২ দশমিক ৯২৩৭ বিলিয়ন ডলার। ফলে মাত্র কয়েক মিলিয়ন ডলারের ব্যবধানে ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে আবারও বিশ্বের সর্বোচ্চ আয়কারী সিনেমার আসনে ফিরেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।
এর মধ্য দিয়ে মুক্তির সাত বছর পরও বক্স অফিসে ‘এন্ডগেম’-এর জনপ্রিয়তা ও প্রভাবের প্রমাণ মিলল। নতুন করে সিনেমাটির এই সাফল্য একই সঙ্গে আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়েও দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিচ্ছে।