দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৭৫ জনের।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ১১৩ জনের। ফলে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসা কার্যক্রমের মধ্যেই দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে।
রূপক/ 23-09-26