উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে আউটসোর্সিং জনবল নিয়োগ ও সেবা নবায়নের ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া সহজ করেছে সরকার। এখন থেকে উন্নয়ন প্রকল্পে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন জনবল নিয়োগ কিংবা বিদ্যমান সেবা নবায়নের জন্য অর্থ বিভাগ অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের আলাদা অনুমোদন নিতে হবে না।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট-১৪ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫ সালের ২১ এপ্রিল জারি করা ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫’-এর আওতায় উন্নয়ন প্রকল্পে আউটসোর্সিং সেবা গ্রহণের ক্ষেত্রে কিছু বিষয়ে স্পষ্টীকরণ এবং প্রক্রিয়াগত শিথিলতা আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উন্নয়ন প্রকল্পের আওতায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন জনবল নিয়োগের ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় জনবল কমিটির সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগের কাছ থেকে আলাদা অনুমোদন নিতে হবে না।
একইভাবে নতুন জনবল নিয়োগের পাশাপাশি ইতোমধ্যে নিয়োজিত আউটসোর্সিং জনবলের সেবা নবায়নের ক্ষেত্রেও অর্থ বিভাগ কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের পৃথক অনুমোদনের প্রয়োজন হবে না। তবে প্রকল্পের অনুমোদিত মেয়াদ বা পরবর্তীতে বাড়ানো মেয়াদজুড়ে আউটসোর্সিং সেবা কেনার সময়সীমা বাড়ানোর প্রয়োজন হলে আন্তঃমন্ত্রণালয় জনবল কমিটির সুপারিশ নিতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী গঠিত এই কমিটির সুপারিশের ভিত্তিতেই মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এ ছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা কেনার ক্ষেত্রে নীতিমালার তফসিল ‘ক’-এর আওতায় সেবা পরীক্ষণ কমিটির সুপারিশ নেওয়ার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে। ফলে আন্তঃমন্ত্রণালয় জনবল কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন আউটসোর্সিং সেবা কেনার সুযোগ থাকবে।
অর্থ বিভাগের যুগ্মসচিব মো. তারিকুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, উন্নয়ন প্রকল্পের কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আউটসোর্সিং সেবা অব্যাহত রাখার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা ও সময়ক্ষেপণ কমবে বলে আশা করা হচ্ছে।
নির্দেশনাটি সব মন্ত্রণালয় ও বিভাগ, বাংলাদেশ সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে।