কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তুগুলো পরীক্ষা করে। এ সময় একটি টাইম বোমা ও দুটি বোতলে রাখা পেট্রল উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ২টার দিকে আখড়াবাড়ির ভেতরে সাদা ব্যাগে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন সংশ্লিষ্টরা। খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় পুলিশ। নিরাপত্তার স্বার্থে রাতেই আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
পরে খবর দেওয়া হলে সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে। সেখান থেকে টাইম বোমা ও পেট্রল উদ্ধারের পর বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
ঘটনার পর আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধু, ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সরোয়ার বলেন, বোমা উদ্ধারের ঘটনা সত্য। এ বিষয়ে পুলিশ বিস্তারিত জানাতে পারবে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুটি বোতলে পেট্রল উদ্ধার করা হয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে মাজার এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
#LalonAkhra #KushtiaNews #BombRecovered #BangladeshNews #Aronno_News