সৌদি আরবের পাঁচটি বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলায় ১৯ জন নিহত এবং ৩৬৪ জন আহত হয়েছেন। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আভা আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোট এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের আল-এখবারিয়া টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, জুলাই থেকে সৌদি আরবের বিরুদ্ধে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলা বাড়তে শুরু করে। অক্টোবরের শুরু থেকে এসব হামলার তীব্রতা আরও বেড়েছে।
তিনি জানান, অক্টোবরের শুরু থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ২০টি হামলা চালিয়েছে হুতিরা। এর মধ্যে ৭ থেকে ১১ অক্টোবরের হামলায় ১৭ জন নিহত এবং ৩৩৩ জন আহত হয়েছেন।
জোটের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আরও দুজন নিহত ও ২৮ জন আহত হন। এ ছাড়া জাজান অঞ্চলের কিং আবদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আহত হয়েছেন আরও তিনজন।
সৌদি সরকারি সূত্রের দাবি, ৫ অক্টোবর থেকে রিয়াদের প্রধান বিমানবন্দরসহ দেশটির পাঁচটি বিমানবন্দরে হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী। এসব হামলায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিমান চলাচলও ব্যাহত হয়েছে।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি
#Aronno_News #SaudiArabia #HouthiAttacks #AirportAttack #MiddleEastNews