মাদক থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে মাদকে জড়িয়ে পড়া তরুণ ও যুবসমাজের একটি অংশকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব।
রোববার (১১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একসময় জেলা প্রশাসকের উদ্যোগে লালমনিরহাটে নিয়মিত জমজমাট ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হতো। তবে গত ১৭ বছর ধরে সেই ধারাবাহিকতা বন্ধ ছিল। দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় স্টেডিয়ামের মাঠ ঘাস ও আগাছায় ঢেকে যায়। পরে মাঠটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে প্রস্তুত করা হয়েছে।
তিনি বলেন, জেলার বিভিন্ন গ্রাম, হাটবাজার ও জনপদে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ছে। তারা আবার মাঠে ফিরতে শুরু করেছে। নতুন এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।
টুর্নামেন্টের সভাপতি ও লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সার্বিক পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। এ আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং তাদের মাঠমুখী করার উদ্যোগকে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অভিভাবকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি নিয়মিত মাঠে আসার সুযোগ করে দিতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। একই সঙ্গে তাদের মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও এসব উদ্যোগ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আব্দুল হাকিম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
অরণ্য: ১১.১০.২৬