কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। সংঘর্ষের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, শুক্রবার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়াবাজার এলাকায় বিলমাকশা জলমহালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সৈয়দ সাঈদ আহমেদের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়ে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে জলমহালের ভোগদখল নিয়ে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, এতে অন্তত ২৫ জন আহত হন।
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ওই ঘটনায় ২২ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে।
সংঘর্ষের জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করেছে। এস এম শাহিনের অভিযোগ, জলমহালের ইজারা নিয়ে বিরোধের জেরে তাঁর সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে সৈয়দ সাঈদ আহমেদ দাবি করেন, শাহিনের সমর্থকেরাই হামলা করেছে।
#Kishoreganj #BNP #BangladeshPolitics