দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। সম্প্রতি গোলাপি পোশাকে কয়েকটি ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন তিনি।
ছবিতে স্নিগ্ধ গোলাপি পোশাকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে জয়াকে। টেবিলের সামনে বসে থাকা অবস্থায় তাঁর মুখে ছিল মিষ্টি হাসি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ, যে হাসির জন্য আগে থেকে কোনো পরিকল্পনা করতে হয়নি।
জয়ার এই স্বতঃস্ফূর্ত হাসি ও নতুন লুক ভক্তদের নজর কেড়েছে। একজন ভক্ত মন্তব্য করেছেন, হাসতে অন্তত পরিকল্পনা করতে হয় না। অন্যদিকে, ছবিতে অভিনেত্রীর চিরসবুজ সৌন্দর্য নিয়েও প্রশংসা করেছেন অনেকে।
নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, বয়স বাড়লেও জয়ার রূপে যেন তার ছাপ নেই। আবার কেউ তাঁকে তিন প্রজন্মের ক্রাশ বলেও অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের নানা মুহূর্ত তুলে ধরেন জয়া। অভিনয়ের ব্যস্ততার বাইরে বাড়িতে বাগান পরিচর্যা ও পোষ্যদের সঙ্গে সময় কাটাতেও পছন্দ করেন তিনি।
সম্প্রতি কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয় করেছেন জয়া। ছবিটি ভারতে মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।