দেশের জ্বালানি চাহিদা মেটাতে প্রচলিত সরবরাহ ব্যবস্থার পাশাপাশি বিকল্প উৎসের সন্ধান করছে সরকার। প্রয়োজন হলে আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার সকালে আসন্ন জাতিসংঘ সম্মেলন ও ‘বাংলাদেশ ব্র্যান্ডিং’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সম্ভাব্য সব উৎস বিবেচনায় নিচ্ছে। দেশের প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি সংগ্রহের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা খোঁজা হচ্ছে। এ ক্ষেত্রে আফ্রিকার দেশগুলো থেকেও আমদানির বিষয়টি বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে পণ্যের বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তৈরি পোশাকের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণেও সরকার কাজ করছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পণ্য ও সক্ষমতাকে আরও কার্যকরভাবে তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতা ও অনাচারের পর দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসেছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী এবারই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি ও অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি নতুন বাজার অনুসন্ধান এবং বাণিজ্য সম্প্রসারণেও এ ধরনের আন্তর্জাতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।