যানজটে আটকে আদালতে দেরি, পিছিয়ে গেল পরীমণির জেরা
ঢাকার বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে চিত্রনায়িকা পরীমণির করা মামলায় রোববার (৯ আগস্ট) তাঁর জেরার দিন নির্ধারিত ছিল। তবে যানজটে আটকে নির্ধারিত সময়ে আদালতে পৌঁছাতে না পারায় জেরার কার্যক্রম পিছিয়ে দিয়েছেন আদালত।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পরীমণিকে জেরার জন্য নতুন তারিখ আগামী ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। রোববার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া নতুন তারিখ নির্ধারণ করেন।
পরীমণির আদালতে উপস্থিত হতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে তাঁর আইনজীবী জানান, নির্ধারিত সময়ের আগেই বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা দিয়েছিলেন পরীমণি। দুপুর ১২টার দিকে আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল তাঁর। তবে পথে তীব্র যানজটে আটকে পড়ায় সময়মতো আদালতে পৌঁছানো সম্ভব হয়নি।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেলা আড়াইটার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান পরীমণি। তবে ততক্ষণে নির্ধারিত কার্যক্রমের সময় পার হয়ে যায়। পরে আদালত তাঁর জেরার জন্য নতুন তারিখ ধার্য করেন।
যেভাবে শুরু হয় মামলা
২০২১ সালের ১৪ জুন সাভার মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। একই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত শেষে ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সাভার মডেল থানা-পুলিশ। মামলার আসামিদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, শাহ শহিদুল আলম ও তুহিন সিদ্দিকী অমি। পরে ২০২২ সালের ১৮ মে এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।