গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে মাদক কারবারিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শুভ আহমেদ (২০), মো. ইয়াসিন (২৬) ও সারোয়ার হোসেন হৃদয় (২৩)। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে একদল ব্যক্তি রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এ সময় তারা গ্রেপ্তার দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এতে বাধা দিলে টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আসিকের ওপর হামলা করা হয়। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর বৃহস্পতিবার রাতেই রেলওয়ে পুলিশ মামলা করে। পরে গাজীপুর সদর থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বলেন, হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
#Gazipur #Joydebpur #CrimeNews #BangladeshNews #Aronno_News