রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪২টি মামলা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন ও বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য, মোবাইল ফোন, নগদ টাকা এবং বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৫৬, ওয়ারীতে ৬৬, মতিঝিলে ৫৯, তেজগাঁওয়ে ৬৩, মিরপুরে ১৭৫, গুলশানে ৩৬ এবং উত্তরা বিভাগে ৪৫ জন রয়েছেন। এ ছাড়া কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে গ্রেপ্তার হয়েছেন তিনজন।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯ কেজি গাঁজা, ৬ হাজার ২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন ও দুই বোতল বিদেশি মদ।
এ ছাড়া বিস্ফোরিত ককটেলের টুকরা ও পেরেক, ১৪টি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।