দেশের বাজারে স্বর্ণ ও রুপার গহনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৬৮২ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন মূল্যতালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমে ৪ হাজার ১৯৯ টাকা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ১৭৫ টাকা কমে ৪ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা কমে ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৫৯ টাকা কমে ২ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৯ অক্টোবর স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।