মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান নিরাপত্তাশঙ্কার কারণে কারাগার থেকেই ভার্চুয়ালি মামলার শুনানিতে অংশ নেবেন। আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি এ তথ্য জানান।
এর আগে গত ৮ অক্টোবর জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালে তাঁর মক্কেলকে কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অন্য বন্দিদের সাধারণত একসঙ্গে প্রিজনভ্যানে আনা হলেও গত ১৬ সেপ্টেম্বর থেকে জিয়াউল আহসানকে আলাদা গাড়িতে করে ট্রাইব্যুনালে আনা হচ্ছে।
এভাবে একা পরিবহনের বিষয়টিকে সন্দেহজনক উল্লেখ করে আইনজীবী আদালতে আবেদন করেন, যাতে তাঁকে অন্য বন্দিদের সঙ্গে আনা-নেওয়া করা হয়। আদালত আবেদনটি বিবেচনার আশ্বাস দেন বলে জানান তিনি।
প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, কারাগার থেকে ট্রাইব্যুনালে যাতায়াতের পথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কার কথা আবেদনে উল্লেখ করেছেন জিয়াউল আহসান। তাঁর আশঙ্কা, পথে কোনো ঘটনা ঘটলে তার দায় তাঁর ওপর চাপানো হতে পারে।
তামীম আরও জানান, শুনানির সময় জিয়াউল আহসান নিজেও ট্রাইব্যুনালের কাছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরপর প্রসিকিউশনের পক্ষ থেকে তাঁকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির না করে কারাগারে রেখেই অডিও-ভিজ্যুয়াল ব্যবস্থায় শুনানিতে অংশ নেওয়ার আবেদন জানানো হয়।