বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর।
অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করেন। তিনি বিভাগীয় চেয়ারম্যান এবং জগন্নাথ হলের প্রাধ্যক্ষের দায়িত্বও পালন করেন। পরে ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের পরিচালকও ছিলেন তিনি।
২০০৯ সালের ২২ জুলাই অধ্যাপক নিম চন্দ্র ভৌমিককে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনটি প্রতিষ্ঠা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২২ সালের জানুয়ারিতে তিনি সংগঠনটির সভাপতি নির্বাচিত হন।
এ ছাড়া অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন।
কর্মজীবন ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০১০ সালে মাদার তেরেসা স্বর্ণপদক লাভ করেন।তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আজ সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রাখা হবে। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে তার মরদেহ নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের মির্জানগরে পারিবারিক শ্মশানে সমাহিত করা হবে।
রূপক- 04/10/26