পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কর্মী-সমর্থকদের বিক্ষোভের আগে দেশটির রাজধানী ইসলামাবাদের প্রধান সড়ক ও প্রবেশপথগুলো কনটেইনার দিয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) দুই স্তরে কনটেইনার সাজিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরুদ্ধ করা হয়। খবর এএফপির
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানান, ইসলামাবাদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ২২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন প্রতিবেশী খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথও বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ মহাসড়ক, প্রবেশপথ ও মোড়গুলো কনটেইনার দিয়ে আটকে দেওয়ায় সড়ক যোগাযোগ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। কনটেইনারের ফাঁক দিয়ে মোটরসাইকেল চালকদের চলাচলের চেষ্টা করতে দেখা যায়।
রোববারের (২৭ সেপ্টেম্বর) বিক্ষোভকে সামনে রেখে সরকারের এই আগাম পদক্ষেপ চলতি সপ্তাহের শুরুতেই জোরদার হয়। ইমরান খানের তিন বোন আলিমা খান, উজমা খান ও নরিন নিয়াজিকেও আটক করা হয়েছে।
এএফপির হাতে আসা সরকারি আদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের সংগঠিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে তাদের ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষণ অধ্যাদেশের (এমপিও) আওতায় এই আটকাদেশ দেওয়া হয়।
এ ছাড়া পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলা ও রাজধানী ইসলামাবাদ থেকে ইমরান খানের দল পিটিআইয়ের কয়েক ডজন আইনপ্রণেতা, আঞ্চলিক নেতা ও বিরোধী দলের কর্মীকেও আটক করা হয়েছে।
তিনি বলেন, ‘এ ধরনের পদক্ষেপ পাকিস্তানে বর্তমানে যে বিধিনিষেধ চলছে, তার মাত্রা তুলে ধরে।’
৭৩ বছর বয়সি সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২৩ সালের মে মাসে সরকারবিরোধী ব্যাপক সহিংস বিক্ষোভের পর তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতায় উসকানিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়েছে।
তবে ইমরান খান ও তার আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ইমরানের জনপ্রিয়তা কমিয়ে তাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার লক্ষ্যেই এসব মামলা করা হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স