আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রচলিত ইসলামী বর্ণনা অনুযায়ী, ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন হিসেবে পালিত হয়ে আসছে। একই তারিখে তাঁর ওফাতের কথাও বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে।
খ্রিস্টীয় ৫৭০ সালের দিকে মক্কা নগরীর সম্মানিত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তাঁর আবির্ভাবের সময় আরব সমাজে নানা ধরনের সামাজিক অনাচার, গোত্রীয় সংঘাত, বৈষম্য ও কুসংস্কার প্রচলিত ছিল। ঐতিহাসিকভাবে সেই সময়কে ‘আইয়ামে জাহেলিয়াত’ বা অজ্ঞতার যুগ হিসেবে উল্লেখ করা হয়।
মানবজাতিকে অজ্ঞতা ও অন্যায়ের অন্ধকার থেকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য মহানবী (সা.) ইসলামের বাণী প্রচার করেন। তাঁর জীবন ও শিক্ষা মানুষের প্রতি সহমর্মিতা, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, শান্তি, সাম্য ও মানবিকতার গুরুত্ব তুলে ধরে। শৈশব থেকেই মহানবী (সা.) ছিলেন চিন্তাশীল ও সত্যনিষ্ঠ। ২৫ বছর বয়সে তিনি হজরত খাদিজা (রা.)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৪০ বছর বয়সে মক্কার হেরা গুহায় তাঁর ওপর প্রথম ওহি নাজিল হয় এবং তিনি নবুয়ত লাভ করেন। এরপর দীর্ঘ ২৩ বছর তিনি ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দেন।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করে থাকেন। এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া, কোরআন তিলাওয়াত ও সীরাতুন্নবী বিষয়ক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তাঁরা মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি ও সাম্যের সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।
দিনটি উপলক্ষে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বাদ মাগরিব থেকে পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জামায়াতে ইসলামী ও দলটির বিভিন্ন সংগঠন ‘সিরাতুন্নবী (সা.)’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। আজ বাদ আসর বাংলামোটরে দলীয় কার্যালয়ে মেহফিলে ইশক রাসুল (সা.) ও নাত সন্ধ্যার আয়োজন করেছে এনসিপি।