সব ধর্মের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে সঙ্গে নিয়ে একটি অসাম্প্রদায়িক, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর বাসাবো এলাকায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মহাপ্রয়াণ বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং ধর্মীয় সম্প্রীতির যে মূল্যবোধ জিয়াউর রহমান প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, তা আজও দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ও অনুসরণীয়।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান দেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একই সঙ্গে স্বাধীনতার পর দেশের অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়নে তাঁর অবদানও উল্লেখযোগ্য। মন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধ দেশের ইতিহাস ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ এবং তা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের এক অনন্য উদাহরণ। তিনি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করবে। তাঁর আদর্শকে ধারণ করেই একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতাকর্মী এবং ভক্ত-অনুরাগীরা উপস্থিত ছিলেন।