মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় প্রার্থনা সভা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ।
সোমবার ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রার্থনা সংগীত পরিবেশন ও স্মৃতিচারণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের এই বীর সেনানায়ককে স্মরণ করা হয়।
সংগঠনের সহসভাপতি গীতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপলী চক্রবর্তী। অনুষ্ঠানে চিত্তরঞ্জন দত্তের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।
বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের পক্ষে স্মৃতিচারণ করেন কাজল দেবনাথ। এ সময় চিত্তরঞ্জন দত্তের পরিবারের সদস্য ইভা দেবও তাঁর স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে প্রার্থনা সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী লাভলী দেব। এ ছাড়া শিল্পী রায় পলি, মৌসুমী সরকার, সুমনা গুপ্তা, ইরাবতীসহ অন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
স্মরণসভায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, আইনজীবী ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের মহানগর উত্তর (শ্যামলী-জয়ন্তী) ও দক্ষিণ (বাসন্তী) শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় চিত্তরঞ্জন দত্তের নেতৃত্ব ও সাহসিকতা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। তাঁর অসাম্প্রদায়িক চেতনা ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।