কবিতা, অনুবাদ, গবেষণা ও কথাসাহিত্যের প্রচলিত সীমানা ভেঙে স্বতন্ত্র সাহিত্যধারা তৈরির স্বীকৃতি হিসেবে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডিয়ান কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কারসন। বৃহস্পতিবার নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে।
৭৬ বছর বয়সী অ্যান কারসন সমকালীন সাহিত্যে ব্যতিক্রমী কাজের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। তাঁর লেখায় কবিতা, কথাসাহিত্য ও একাডেমিক গবেষণার নানা উপাদান একসঙ্গে মিশে যায়। প্রাচীন গ্রিক সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে আধুনিক সাহিত্যভাবনার সংযোগ ঘটিয়েও তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
নোবেল কমিটির ভাষ্য, ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন নতুন রূপ তৈরি করা সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবেই কারসনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
অ্যান কারসন শুধু কবি হিসেবেই নন, প্রাচীন গ্রিক সাহিত্য অনুবাদক ও ক্লাসিকসের অধ্যাপক হিসেবেও সুপরিচিত। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি প্রাচীন গ্রিক-রোমান সাহিত্য ও সংস্কৃতি নিয়ে অধ্যাপনা করেছেন।
তাঁর সাহিত্যকর্মে কবিতা, অনুবাদ ও গবেষণার পাশাপাশি বিভিন্ন সাহিত্যধারার মেলবন্ধন দেখা যায়। এ বৈশিষ্ট্যই তাঁকে সমকালীন সাহিত্যে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করে দিয়েছে।
সাহিত্যে নোবেল পুরস্কার সাধারণত একজন লেখকের দীর্ঘ সাহিত্যজীবনের সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। এ বছর পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ৯ লাখ পাউন্ড বা ১২ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ।
অ্যান কারসনের নোবেলপ্রাপ্তির মধ্য দিয়ে কানাডার সাহিত্যাঙ্গনও পেল আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক বড় স্বীকৃতি।
সূত্র: বিবিসি