ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি ‘সহজ পথে নাকি কঠিন পথে’ সমাধান করা হবে, এখন সেটিই মূল প্রশ্ন বলে মন্তব্য করেছেন তিনি।
হোয়াইট হাউস থেকে ওহাইওতে একটি সমাবেশে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।
ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ‘আনুষ্ঠানিকভাবে ইরানকে ধ্বংস করেছে’ এবং এখন পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন।
তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনের বরাতে জানা যায়, ট্রাম্প বলেন, ‘একমাত্র প্রশ্ন হলো-আমরা কি বিষয়টি সহজ পথে সমাধান করব, নাকি কঠিন পথে?’
এরপর ট্রাম্প দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় পুরোপুরি ছেড়ে দিয়েছে।
তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। গত সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে না।
তিনি আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমিয়ে আনার প্রস্তাবও দিয়েছিলেন। একই সঙ্গে শান্তিপূর্ণ ও বেসামরিক কাজে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকার ইরানের রয়েছে বলে জানান তিনি।
এদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ধরনের চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে জারি করা এক নির্বাহী আদেশে ইরানসংক্রান্ত মার্কিন জাতীয় জরুরি অবস্থা পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি ইরান থেকে পণ্য ও সেবা কেনা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ব্যবস্থাও রাখা হয়েছে।
ইরান ইস্যুতে ওয়াশিংটনের পরবর্তী সিদ্ধান্ত কী হবে, এখন সেদিকেই নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।