নওগাঁর মান্দায় গরুর বাছুরের খড় খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও ভাই আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে। আহতরা হলেন তার স্ত্রী সাথী বেগম (২৫) ও ভাই সাইফুল ইসলাম (৩০)। তারা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুলের একটি গরুর বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের পালার খড় খেয়ে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহীম হোসেনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শহিদুলকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্ত্রী সাথী বেগম ও ভাই সাইফুল ইসলামও হামলার শিকার হন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।