নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সীমান্তে মাদক চোরাচালান নিয়ে লেখালেখি করতেন আলিফ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উতরাইল বাজারের একটি দোকানে বসে ছিলেন আলিফ। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়েন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যান।
আলিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে পুলিশ।
নেত্রকোনার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
নিহত আলিফের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা এলাকায়। তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
এর আগেও আলিফের ওপর হামলার ঘটনা ঘটেছিল। গত ১০ অক্টোবর দুপুরে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তদের ধাওয়ার শিকার হন তিনি। এ ছাড়া গত বছরের নভেম্বরে তাঁকে কুপিয়ে জখম করা হয়েছিল। সে সময় তাঁর সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাঁকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়।
#JournalistKilled #Netrokona #Durgapur #PressFreedom #Aronno_News