অধিনায়ক সাদিয়া ইসলামের দুর্দান্ত ফিফটি ও সাদিয়া আক্তারের ঝোড়ো ব্যাটিংয়েও শেষ রক্ষা হলো না। শ্রীলঙ্কার কাছে মাত্র ৪ রানে হেরে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান করে বাংলাদেশ।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। কোনো রান যোগ হওয়ার আগেই দুই ওপেনার মাইমুনা নাহার ও উইকেটরক্ষক অচেনা জান্নাত ফিরে যান। ২১ রানে তৃতীয় উইকেট হারিয়ে আরও চাপে পড়ে দল।
সেখান থেকে নিশিতা আক্তার নিশি ও অধিনায়ক সাদিয়া ইসলাম ৬৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান। ৩৩ বলে ৩২ রান করে রানআউট হন নিশি।
এরপর ব্যাট হাতে লড়াই চালিয়ে যান সাদিয়া। ৩৬ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক। সাদিয়া আক্তার ২২ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ৩টি ছক্কা ও ১টি চার। তবে শেষ পর্যন্ত লক্ষ্য থেকে ৪ রান দূরে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
শ্রীলঙ্কার হয়ে চামুডি প্রবোধ ও চামোধী হেরাত দুটি করে উইকেট নেন।
এর আগে শ্রীলঙ্কার ইনিংসে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সানজানা কবিন্দি। ভিমোক্ষা বালসুরিয়ার সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪৯ রান যোগ করেন তিনি। ভিমোক্ষা ১৫ বলে ২৩ রান করে ফিরলেও সানজানা নিজের ইনিংস বড় করেন।
নেথমী উপেকশার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন সানজানা। ৪৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৪ রান করে আউট হন তিনি। শেষ দিকে উমায়ঙ্গনা পিরিসের অপরাজিত ২৮ ও দানোদ্যা সেওমিনির ১৫ রানে ১৫৮ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে জান্নাতুল ফেরদৌস, ফারজানা ইয়াসমিন, আফরিন মিম ও নিশিতা আক্তার নিশি একটি করে উইকেট নেন। তিথি দাস ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নিয়ন্ত্রিত বোলিং করেন।
#BangladeshCricket #WomensCricket #U19Cricket #CricketFinal #Aronno_News