যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কেবল সামরিক শক্তি ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ফিলিস্তিনিদের অধিকার অস্বীকার করে নিজেদের ইচ্ছা চাপিয়ে দিলে ইসরায়েল তার নৈতিক অবস্থান হারানোর ঝুঁকিতে পড়বে।
মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে পুরস্কারজয়ী লেখক ও সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন ওবামা। বেলফাস্ট টেলিগ্রাফের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
গাজায় ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গে ওবামা বলেন, সহিংসতা সবার জন্যই বেদনাদায়ক হওয়া উচিত। ঐতিহাসিক ক্ষোভ, কঠোর মনোভাব ও গভীর বিভাজন সহিংসতার ধ্বংসাত্মক চক্রকে দীর্ঘায়িত করছে বলেও মন্তব্য করেন তিনি।
ইউরোপে ইহুদিদের দীর্ঘদিনের নিপীড়নের ইতিহাস স্বীকার করে ওবামা বলেন, ভূমি হারানোর মধ্য দিয়ে ফিলিস্তিনিরাও অবিচারের শিকার হয়েছেন। তাদের জমি কেড়ে নেওয়া হলে সেটিকে অন্যায় হিসেবে দেখাই স্বাভাবিক।
ওবামার মতে, সহিংসতার চক্র ভাঙার দায়িত্ব তুলনামূলকভাবে শক্তিশালী পক্ষের বেশি। শুধু সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার ওপর নির্ভর না করে এ চক্র থেকে বেরিয়ে আসতে ইসরায়েলকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
ইসরায়েলের বর্তমান সরকারের নীতির সমালোচনা করে তিনি বলেন, সামরিক শক্তিতে এগিয়ে থাকার কারণে নিজেদের ইচ্ছামতো সবকিছু করা এবং অন্য পক্ষকে কোনো ছাড় না দেওয়ার মনোভাব স্বল্প মেয়াদে কার্যকর মনে হতে পারে। কিন্তু এতে নৈতিক অবস্থান ক্ষুণ্ন হয়।
ওবামা আরও বলেন, ইসরায়েল সরকারকে বাস্তবতা মেনে নিতে হবে যে, লাখ লাখ ফিলিস্তিনি ওই অঞ্চলেই থেকে যাবেন। তাদের ওপর এমন শর্ত চাপিয়ে দেওয়া টেকসই সমাধান হতে পারে না, যা অন্য কোনো পক্ষ নিজের ক্ষেত্রে মেনে নিতে রাজি হবে না।
#BarackObama #IsraelPalestine #GazaWar #MiddleEastConflict #Aronno_News