রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে তাঁকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সাঁতার শেখাতে অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন। মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি ক্লাবের নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন।
পরে বেলা সোয়া ১১টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে শাহবাগের বারডেম হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, অফিসার্স ক্লাবের সিসিটিভি ফুটেজে মোশাররফ হোসেনকে বারবার ভবনের ওপরের দিকে উঠতে ও নিচে নামতে দেখা গেছে। পুলিশের ধারণা, তিনি হয়তো পথ খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে ভবনটির বেজমেন্ট-১-এর ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান তিনি।
এ ঘটনায় তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। পরিবারের সদস্যরা ময়নাতদন্তে অনিচ্ছা প্রকাশ করায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে পুলিশ।
#DhakaNews #FormerSecretary #OfficersClub #BangladeshNews #Aronno_News