কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও তাঁর দুই শিশুসন্তান এবং শিশুদের খালা রয়েছেন। নিহত অপর ব্যক্তি অটোরিকশার চালক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, দুর্ঘটনাস্থল থেকে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া আরও দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুর নাম রিশাদ ও তুবা। তাদের বাবার নাম শহিদুল ইসলাম। এ ঘটনায় তাদের মা লিপি ও খালা শরিফাও নিহত হয়েছেন। তাঁরা উপজেলার চতলাকান্দা গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুই শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। পুরুষের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অটোরিকশার চালক বলে জানা গেছে।
#Kurigram #RoadAccident #BangladeshNews #BreakingNews #Aronno_News