ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে উইকেট শিকার করেও ভারতীয় জাতীয় দলে ফিরতে পারছেন না অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দলেও জায়গা হয়নি ৩৬ বছর বয়সী এই পেসারের। ফিটনেস ও পারফরম্যান্সের প্রমাণ দেওয়ার পরও কেন নির্বাচকদের বিবেচনায় নেই শামি, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
২০২৫-২৬ রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে সাত ম্যাচে ১৬.৭২ গড়ে ৩৭ উইকেট নিয়েছেন শামি। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন তিনবার। চলতি মৌসুমের শুরুতেও দিল্লির বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।
তবু জাতীয় দলের দরজা খুলছে না এই ডানহাতি পেসারের জন্য। বিসিসিআইয়ের ঘোষিত নিউজিল্যান্ড সিরিজের দলে এক বছরেরও বেশি সময় পর ফিরেছেন আকাশ দীপ। কিন্তু শামিকে নিয়ে নির্বাচকদের পরিকল্পনায় পরিবর্তনের ইঙ্গিত মেলেনি।
জাতীয় দলের হয়ে শামি সর্বশেষ খেলেছেন ২০২৫ সালের মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। ভারতের হয়ে তাঁর সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। আর টেস্ট খেলেছেন ২০২৩ সালের জুনে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
সাম্প্রতিক সময়ে নির্বাচক কমিটিতে পরিবর্তনের পর শামির প্রত্যাবর্তন নিয়ে আশাবাদ তৈরি হয়েছিল। বিশেষ করে দীর্ঘ বিরতির পর ভুবনেশ্বর কুমারের দলে ফেরার ঘটনা সেই আলোচনাকে আরও জোরালো করে। তবে প্রজ্ঞান ওঝার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটিও শামিকে দলে ফেরায়নি।
শামির দলে না থাকার সম্ভাব্য কারণ হিসেবে তাঁর চোটের ইতিহাস, ফিটনেস এবং দীর্ঘ সময় ধরে টেস্ট ক্রিকেটে বোলিং করার সক্ষমতা নিয়ে প্রশ্নের কথা সামনে আসছে। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
দিল্লির বিপক্ষে রঞ্জি ম্যাচ শেষে নিজের অবস্থান পরিষ্কার করে শামি বলেন, ‘আপনারা আমার ফিটনেস দেখতে পাচ্ছেন। সেটা লিখুন। আপনারা তো আমাকে দেখছেন। আমি কী বললাম, তাতে কী হবে? আমি মাঠে আছি। খেলছি। যেখানে খেলার সুযোগ পাচ্ছি, সেখানেই খেলছি। আমার কাজ শুধু বোলিং করে যাওয়া।’
ভারতের পেস আক্রমণে প্রতিযোগিতা বাড়ায় শামির সামনে চ্যালেঞ্জও কঠিন হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি নির্বাচকদের ভবিষ্যৎ পরিকল্পনায় জায়গা করে নেওয়াই এখন তাঁর সামনে বড় পরীক্ষা। তবে নিউজিল্যান্ড সিরিজে বাদ পড়ার অর্থ এই নয় যে জাতীয় দলের দরজা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।
#MohammedShami #TeamIndia #CricketNews #TestCricket #Aronno_News