সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করবেন।
রোববার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের ফলাফল হস্তান্তর করবেন। একই সময় থেকে পরীক্ষার্থীরা অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানান, সোমবার সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিজ নিজ বোর্ডের ফল পাওয়া যাবে।
এ ছাড়া কেন্দ্রীয়ভাবে দুটি ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে। ওয়েবসাইট দুটি হলো eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
মুঠোফোনের এসএমএসের মাধ্যমেও পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিতে হবে। এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। কিছু সময়ের মধ্যেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে
এদিকে প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১১ আগস্ট থেকে এ আবেদন শুরু হয়ে চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। আবেদন করার পদ্ধতি ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।