প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা আরও কার্যকর করতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, নতুন নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রমও নতুন নীতিমালার ভিত্তিতে পরিচালনা করা হবে।
রোববার সকালে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, “মাসখানেকের মধ্যে আমরা নতুন নীতিমালা প্রণয়ন করব। এর আলোকে প্রাথমিক শিক্ষা বিভাগের সব কর্মকর্তা তাঁদের কার্যক্রম পরিচালনা করবেন। একইভাবে প্রাথমিক শিক্ষা পরিবার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রমও নতুন কাঠামোর ভিত্তিতে পরিচালিত হবে।”
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।
তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই এসব উদ্যোগের দৃশ্যমান ফলাফল জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
ববি হাজ্জাজ আরও বলেন, বাংলাদেশকে নিয়ে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, তা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাথমিক শিক্ষার ভিত শক্তিশালী করার মাধ্যমেই একটি সুশিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
দিনব্যাপী কর্মশালায় প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, তদারকি, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষার বরিশাল বিভাগের উপপরিচালক নিলুফার ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল এবং উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।
কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।