ম্যানেজিং কমিটি দিয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে অপতথ্য হিসেবে উল্লেখ করে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে তৎকালীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এনটিআরসিএর কার্যক্রম এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও কার্যকর করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পর্যালোচনা চলছে।
ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে-এমন গুঞ্জনের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। ফলে এ সংক্রান্ত কোনো ধরনের অপতথ্য বা গুজব প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএ কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নিবন্ধন পরীক্ষা, যাচাই এবং যোগ্য প্রার্থীদের সুপারিশের কার্যক্রম পরিচালনা করে থাকে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করাই এ ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য।
শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, আধুনিক ও কার্যকর করার বিষয়েই সরকার গুরুত্ব দিচ্ছে। তবে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।