পাবনায় চেয়ারম্যান সুলতানের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের স্মারকলিপি তদন্তের আশ্বাস জেলা প্রসাশকের
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের অপসারণ ও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
রোববার (৯ আগস্ট) দুপুরে জুলাই ঐক্য পরিষদের ব্যানারে পাবনা শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি দেয়।
আন্দোলনকারীদের ভাষ্য, জেলা প্রশাসক তাঁদের অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
জুলাই যোদ্ধাদের অভিযোগ, ২০২৪ সালের ৪ আগস্ট পাবনায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় সুলতান মাহমুদ খানও অংশ নিয়েছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে তাঁর নাম ছিল। তবে পরবর্তী সময়ে রহস্যজনকভাবে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা।
এ ছাড়া ভাঁড়ারা এলাকায় সুলতান মাহমুদ খান আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে প্রভাব বিস্তার করে আসছেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলেও তাঁদের দাবি। জুলাই ঐক্য পরিষদের নেতারা আরও বলেন, শেখ হাসিনার কথিত সংবাদ সম্মেলন নিয়ে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে যে লাইভ করেন, সেখানে সুলতান মাহমুদ খান মন্তব্য করেন। তাঁদের অভিযোগ, এমন কর্মকাণ্ডের পরও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে অভিযোগের বিষয়ে সুলতান মাহমুদ খানের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার কথিত সংবাদ সম্মেলনের একটি ফেসবুক লিংকে সুলতান মাহমুদ খান মন্তব্য করেন। সেখানে তিনি আওয়ামী লীগকে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত করে দলের অতীতের কিছু ভুল সংশোধনের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে দলটি আরও জনপ্রিয় ও প্রাসঙ্গিক হয়ে উঠবে বলে মন্তব্য করেন।
ওই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই আন্দোলনসংশ্লিষ্ট সংগঠনগুলো সুলতান মাহমুদ খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে।