প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সকাল ১১টার কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ভারতীয় হাইকমিশনার। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠকে বসেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকে আলোচিত বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
বৈঠক শেষে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকেও দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকের বিষয়টি সামনে আসে।