দুই থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানিমন্ত্রী
ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত এফএসআরইউতে বর্তমানে ফ্রিজিং কার্যক্রম চলছে। এটি শেষ হলে বিকেল থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে। এর ফলে গ্যাস সংকটের কারণে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোও ধীরে ধীরে উৎপাদনে ফিরতে পারবে। তবে সারাদেশে আগের মতো স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে।
বিদ্যুতের অতিরিক্ত বা কথিত ‘ভূতুড়ে’ বিল প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ জানাতে গ্রাহকদের আহ্বান জানানো হলেও অনেকেই আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন না। তবে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, এটি ছিল নিয়মিত সৌজন্য বৈঠক। প্রতিবেশী দেশ হিসেবে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আরও বেশি ডিজেল সরবরাহের বিষয়েও অনুরোধ জানানো হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। তাঁর ভাষায়, “তিনি অনেক কিছুই বলেন। দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন।