স্বর্ণের দামে আবারও উত্থান, ভরি ছাড়াল ২ লাখ ৩৬ হাজার টাকা
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে ২২ ক্যারেটের স্বর্ণের দাম। এতে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানায় বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ পরিস্থিতিতে সার্বিক বাজার পর্যালোচনা করে ভ্যাটসহ স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করেছে বাজুস।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। তবে স্বর্ণালঙ্কারের ডিজাইন ও ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
বাজুসের নিয়ম অনুযায়ী, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। পাশাপাশি নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
এর আগে সর্বশেষ গত ১১ আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়। ওই দামও সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫১ দফা দাম বাড়ানো হয়েছে, ৫০ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ দফা দাম বাড়ানো এবং ২৯ দফা কমানো হয়েছিল।