৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন, শুক্রবার বঙ্গভবনে শপথ
দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে দেশে। রাষ্ট্রপতি পদে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ।
সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায়নি বিরোধী জোটের প্রার্থী। ফলে দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।
রাষ্ট্রপতি পদে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালে। এরপর থেকে সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রতিবার ক্ষমতাসীন দলের একক প্রার্থী থাকায় বিরোধী দলগুলো রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়নি। এবারের নির্বাচনে সেই চিত্র পাল্টেছে। সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থাকা বিএনপির প্রার্থীর বিপরীতে বিরোধী জোট অলি আহমদকে প্রার্থী করেছে।
সংসদে ভোট আজ
নির্ধারিত সূচি অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। ভোট শুরুর আগে নির্বাচনকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। এরপর নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হবে।
ভোট শেষ হওয়ার পর একই স্থানে ভোট গণনা করা হবে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে এবং পরে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
সংখ্যাগরিষ্ঠতার কারণে এগিয়ে বিএনপির প্রার্থী
সংসদের মোট ৩৪৯টি আসনের মধ্যে ক্ষমতাসীন বিএনপির দখলে রয়েছে ২৪৭টি আসন। ফলে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্যপদ শূন্য হওয়ার বিধান রয়েছে। এ কারণে দলের মনোনীত প্রার্থীর পক্ষে দলীয় সংসদ সদস্যদের ভোট দেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের ৯০ জন সংসদ সদস্যের সমর্থনে অলি আহমদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংখ্যার বিচারে পিছিয়ে থাকলেও বিরোধী জোটের এই প্রার্থিতা এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলেছে।
শুক্রবার বঙ্গভবনে শপথ
ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার পর নির্বাচিত রাষ্ট্রপতির নাম গেজেটে প্রকাশ করা হবে। এরপর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হওয়ায় এবারের ভোট দেশের রাজনৈতিক ইতিহাসে আলাদা গুরুত্ব বহন করছে।