বিশ্ববাজারে টানা চতুর্থ দিন বাড়ল জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
বুধবার (১৯ আগস্ট) সকালে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা ০ দশমিক ২৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ২৮ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৭ সেন্ট বা প্রায় ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে মঙ্গলবার ব্রেন্ট ও ডব্লিউটিআই-দুই বেঞ্চমার্কের দামই ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি বা যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের আশাবাদ কমে যাওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পরিস্থিতি নিয়ে দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্য বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হরমুজ প্রণালি খোলা রয়েছে বলে দাবি করেন। তবে ইরান জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনো জাহাজ চলাচলের জন্য বন্ধ রয়েছে। ওয়াশিংটন ও তেহরানের এমন বিপরীত অবস্থান জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্ন নিয়ে বাজারের উদ্বেগ আরও বাড়িয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। এই নৌপথে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় চাপ আরও বাড়তে পারে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামও আরও ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি রয়েছে।
বাজারসংশ্লিষ্টদের নজর এখন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতি এবং হরমুজ প্রণালির নিরাপত্তার দিকে। সংঘাত ও নৌপথটির কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা যত দীর্ঘ হবে, তেলের বাজারে অস্থিরতাও তত বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স