ডিএমপিতে ২ এডিসি ও ৫ এসির বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) এবং পাঁচ সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। একই সঙ্গে এক অতিরিক্ত উপপুলিশ কমিশনারের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড) এবং গোয়েন্দা রমনা বিভাগে বদলির আদেশপ্রাপ্ত (রমনা জোনাল টিম) মো. আল-আমিন হোসাইনকে গুলশান বিভাগের বাড্ডা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে।
অন্যদিকে, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) এবং ট্রাফিক তেজগাঁও বিভাগে বদলির আদেশপ্রাপ্ত এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে ডিএমপির পাঁচ সহকারী পুলিশ কমিশনারকেও বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এর মধ্যে জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর) এবং রাকিবুল হাসান সাকিবকে উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পূর্ব) করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল্লাহকে গোয়েন্দা, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে।
উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পূর্ব) হাবিবুর রহমানকে ডিএমপির অপারেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩) এবং পিওএম পূর্ব বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহীদুল ইসলামকে লজিস্টিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (অস্ত্রাগার) হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া একই আদেশে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও) তানিয়া সুলতানার বদলির আদেশ বাতিল করা হয়েছে।