‘যৌন ডাক্তার’ তকমা ও ভুয়া বিজ্ঞাপন নিয়ে মুখ খুললেন তাসনিম জারা
নিজের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সেক্স ডাক্তার’ বা ‘যৌন ডাক্তার’ হিসেবে অপপ্রচারের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
তাঁর দাবি, দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হেয় ও বিব্রত করতে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে তাঁর পরিচয় ব্যবহার করে বিভিন্ন ওষুধ, স্লিমিং পণ্য ও চিকিৎসাসেবা বিক্রির নামে প্রতারণা করা হচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তাসনিম জারা জানান, কিছু আওয়ামী কর্মী তাঁকে ‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ হিসেবে প্রচার করছেন। তাঁর ভাষ্য, তাঁকে অপমান ও লজ্জায় ফেলাই এসব প্রচারণার উদ্দেশ্য। তবে তিনি মেডিসিনের চিকিৎসক হওয়ায় এই পরিচয়ও সঠিক নয় বলে উল্লেখ করেন।
এ ধরনের অপপ্রচারের জবাব এতদিন দেননি কেন-এর ব্যাখ্যাও দিয়েছেন তাসনিম জারা। তাঁর মতে, ‘যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞ’ হওয়াকে লজ্জার বিষয় হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। কারণ যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকেরা মানুষের এমন অনেক সমস্যার সমাধানে সহায়তা করেন, যা অনেক সময় রোগীরা পরিবারের সদস্য, বন্ধু কিংবা জীবনসঙ্গীর সঙ্গেও আলোচনা করতে পারেন না।
তাসনিম জারা বলেন, যৌনস্বাস্থ্য নিয়ে সংকোচের কারণে অনেক মানুষ চিকিৎসকের কাছে যেতে চান না। এর ফলে কেউ কেউ অনভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে ভুল চিকিৎসা নেন কিংবা দীর্ঘদিন সমস্যায় ভোগেন। তাঁর মতে, যৌনস্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হওয়া প্রয়োজন, এটিকে কোনোভাবেই অপমানসূচক শব্দ হিসেবে ব্যবহার করা উচিত নয়।
তবে সম্প্রতি নিজের নাম ও ছবি ব্যবহার করে বিপুলসংখ্যক বিজ্ঞাপন প্রচারের বিষয়টি সামনে আসায় প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নেন বলে জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এক শুভাকাঙ্ক্ষীর পাঠানো একটি স্ক্রিনশটে তিনি দেখতে পান, তাঁর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে প্রায় ১৬০টি বিজ্ঞাপন চালানো হচ্ছে।
তাসনিম জারার অভিযোগ, প্রথমে তাঁর ছবির সঙ্গে অশালীন বক্তব্য যুক্ত করে বিজ্ঞাপন প্রচার করা হয়। পরে ওই বিজ্ঞাপনের স্ক্রিনশট ছড়িয়ে তাঁকেই সংশ্লিষ্ট পণ্য বিক্রির সঙ্গে জড়িত বলে প্রচার করা হচ্ছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতারকরা তাঁর নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ওষুধ, স্লিমিং পণ্য এবং কথিত চিকিৎসাসেবা বিক্রি করছে বলেও দাবি করেন তিনি।
নিজের নামে প্রচারিত এসব বিজ্ঞাপন থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তাসনিম জারা। তিনি স্পষ্ট করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কখনো কোনো ওষুধ, স্লিমিং পণ্য বা চিকিৎসা বিক্রি করেননি। তাঁর নাম বা ছবি ব্যবহার করে এ ধরনের কোনো পণ্য বা সেবা বিক্রি হলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি।
তাসনিম জারা আরও জানান, গর্ভবতী মায়েদের জন্য তাঁদের তৈরি ‘Shohay Pregnancy’ নামের একটি অ্যাপ রয়েছে। সেখানে কোনো ওষুধ বা পণ্য বিক্রি করা হয় না। অধিকাংশ ব্যবহারকারী বিনা মূল্যে অ্যাপটি ব্যবহার করেন, আর কেউ কেউ প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করেন।
তাঁর নাম বা ছবি ব্যবহার করে কোনো ওষুধ, চিকিৎসা বা পণ্যের বিজ্ঞাপন দেখলে তা না কেনার পাশাপাশি পরিচিতদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছেন তিনি। পোস্টের শেষাংশে যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি সম্মান জানিয়ে তাসনিম জারা বলেন, যৌনস্বাস্থ্যসংক্রান্ত কোনো সমস্যা হলে সংকোচ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দ্রুত চিকিৎসকের কাছে গেলে অনেক রোগের ক্ষেত্রেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে বলেও উল্লেখ করেন তিনি।