স্বামীর শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে ঢাকার বাসায় দীপু মনি
স্বামী তৌফিক নাওয়াজের শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার বাসায় পৌঁছেছেন কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় একটি ভ্যানে করে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসা হয়। পরে সকাল ৮টা ২০ মিনিটে তিনি রাজধানীর কলাবাগানের নিজ বাসভবনে পৌঁছান।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক সকাল ৯টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দীপু মনি বাসায় পৌঁছেছেন। তার নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর শেষ বিদায়ে অংশ নেওয়ার জন্য চার দিনের প্যারোল চেয়ে আবেদন করা হয়েছিল। তবে জেলা ম্যাজিস্ট্রেট দিনের আলোয় মোট ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছেন।
প্যারোলের নির্ধারিত সময় শেষে দীপু মনিকে ফের কারাগারে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।