প্যারোলে দীপু মনির মুক্তির পর স্বামীর জানাজার বিষয়ে সিদ্ধান্ত
মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির প্যারোলে মুক্তির পর তাঁর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (১৯ আগস্ট) সকালে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁর আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, রাত ১০টা ২৭ মিনিটে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, কোথায় ও কখন তৌফিক নেওয়াজের জানাজা এবং দাফন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। স্বজনদের কাছ থেকে জানা গেছে, ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হন তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করতে তাকে আদালতে নেওয়া হয়েছিল।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।