হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সদস্যপদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।
রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এ জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে।
তবে হলফনামায় ঠিক কোন তথ্য গোপন করা হয়েছে, রিটে তার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।