এক বছরের চুক্তিতে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক মাহমুদ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর চেয়ারম্যান পদে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর ধারা ৪-এর উপধারা (৫) অনুযায়ী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর থাকবে।
তবে এ নিয়োগের ক্ষেত্রে একটি শর্ত আরোপ করা হয়েছে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্য কোনো পেশা বা ব্যবসার পাশাপাশি সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তাঁর নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।