এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ক্যামেরায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে মাত্র ২৪ ঘণ্টায় ৪৪৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ১৫ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি, ভুল পথে চলাচল, অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করতে এআই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ক্যামেরায় কোনো অপরাধ শনাক্ত হলে সেই তথ্যের ভিত্তিতে মামলা ও জরিমানার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মহাসড়কে এআই ক্যামেরার ব্যবহার আরও সম্প্রসারিত করা হলে ট্রাফিক আইন ভঙ্গের প্রবণতা কমবে। একই সঙ্গে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বাড়বে। এরই মধ্যে এর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে বলেও জানান তিনি।
হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরাভিত্তিক নজরদারি কার্যক্রম শুরু হয়। মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার অংশে মোট ১ হাজার ৪২৭টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
নতুন এই প্রযুক্তিনির্ভর নজরদারির ফলে মহাসড়কে ট্রাফিক আইন বাস্তবায়ন আরও কার্যকর হবে বলে আশা করছে হাইওয়ে পুলিশ।